Posts

উপলব্ধি

আবার ধুমকেতু হয়ে ঝরে পড়া সময়রেখায় পা, মাটি ছোঁয়া মন ফেরার পথের ধারে নিয়তির সাড়া নেপথ‍্যে দাঁড়িয়ে আছে চরিত্রেরা শত জানে ওরা গল্পের রং আর পাখি কবেকার শব্দ, আজও দুর্লভ রোদ শেষে সন্ধ্যায় কালবৈশাখী রূপকথা হোক সে, তবু চিরায়ত দীর্ঘদিনের চিঠি, জং ধরা তালা প্রথম বৃষ্টিভেজা মানুষের স্তূপ নৌকোখানি যে তার ভাসে দিশাহারা পেটের ক্ষিদে জ্বলে জোনাকির মতো

লিমেরিক (১)

দুরন্ত দুই চোখে তোমার প্রেমে পড়ার ভুল, বয়সভারে যেমন করে রঙ পাল্টায় চুল, সোঁদা মাটির গন্ধ দিয়ে লিখব ভাবি তোমায় নিয়ে ― মনখারাপের সুতো কখন জড়িয়েছে আঙুল। 

কবিতা আর আমি

কবিতার সঙ্গে কাটাকুটি খেলা চলে আমার... কখনও বা গুটির দানে আমি এগোই,  কখনও তার গুটি কয়েক ধাপেই জিতে নেয় ঘর। ঝড়ের বেগে ছক্কা, পুটের হিসাব মেলাতে গিয়ে কখন যে সূর্য ডুবে যায়, চাঁদের সভা শেষ হয়, টের পাই না আমরা কেউই। শুধু যখন পিউ কাঁহা পাখিটা হাঁক দিয়ে যায়,  মুঠোফোনে আলো জ্বলে ভেসে ওঠে নাম, মনের ভেতর কালবৈশাখী ভরে খেলা ভেঙ্গে দিই। কয়েক শব্দে চিঠি লিখে দিই কেবল, "কবিতা, পরের দানে জিতিয়ে দেবে আমাকে, বলো? কারুর কথা ভাবব না তবে, কথা দিলাম।" এভাবেই মাস পেরিয়ে যায়, মাসের পরে বছর, কবিতা আর আমার খেলাঘরে ধুলো জমে...

নোনতা জলের স্বপ্ন

জলের ভারে নৌকো ডোবে বুঝি সাঁকোর ধারে রাখাল চলেছে আলতোভাবে ডাঙায় পাথরকুচি সময় দেখে চোখটি বুজেছে মাছের ঝাঁকে সূর্য আড়াল হয় আবার কখন মেঘ আসবে ধেয়ে নোনতা জলে মাছরাঙা পাঁচ-ছয় রোদ পোহাতে আসছে ছেলেমেয়ে খাতায় আঁচড় কাটব ভাবি তাই মনের কোণে ছায়ার উঁকিঝুঁকি হারিয়ে গেছি, নেই মেয়েবেলাটাই শুকনো গাছের পাতা নিম্নমুখী হিংসা করে মাছরাঙাকে দেখে  নোনতা জলেই স্বপ্ন দেখে নেয় আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ে বেঁকে দুচোখ ভরে ঘুম পাড়িয়ে দেয়  দীর্ঘ রাতে ঘড়ির কাঁটা যেন আঙুল তুলে ধরিয়ে দেয় ভুল জীবন শুধুই বাঁচা যেনতেন? ভোরের আলোয় ফুটতে থাকে ফুল

কল্পকথা

নাহয় প্রেমে খরচ হবি, হিসেব হবি মাস কাবারের, আমিও নাহয় উপোস হব, পূর্ণিমাতে বাংলা মাসের। আবার ভাবি বৃষ্টি হব, ভিজিয়ে দেব তোদের পাড়া, তুইও তখন কাপড়চোপড়, দড়ির মাঝে ভিজেই সারা। কখনও বা আয়না হব, ভাবি তোকে দেখব চেয়ে, যখন সকাল আড়মোড়াতে বিছানাতে থাকবি শুয়ে। গরমকালে পান্তা হব, শীতকালেতে রোদের ঢেউ, তুইও তখন চিলেকোঠায়, গল্প হবে, জানবে না কেউ। এমন সময় হঠাৎ দেখি দেওয়াল ঘড়ি হয়েই আছি, হাতঘড়িতে মনটা যে তোর, মনে মনেই স্বপ্ন বাঁচি।

ভুলে যাই কে ছিলাম

এক অদ্ভুত স্বপ্নে মায়ায় জড়ালো,  স্তূপ করে রাখা গত জন্মের ধুলো, শ‍্যাওলা মাখা কালো চোখে শীতের সন্ধ্যা নামে.. নামে রাত, জাগে ভোরের আলো, যত্ন নিয়ে কে রং মাখালো আকাশের গায়ে; চিঠির গায়ে শব্দ বদনামের! বদনামের ভাগিদার কেউ, স্মৃতির সাগর জুড়ে ঢেউ, শরীর খিদের চোটে খায় রক্ত সংগ্রামের। 

দু' লাইনে তোমাকে (২)

চোখের কথায় ভুলতে বসি দিন, গতরাতের কুয়াশা ঘিরে ধরে, ঠাণ্ডা হাওয়ায় মনের ঘরে ঝিম, তোমার নামে শিশির ঝরে পড়ে।