জীব ও জড়

তিন মাথার মোড়ে কংক্রিটের বাসস্ট্যান্ডের মৃত্যু হয়েছে!
সকাল থেকে লাইন পড়ে গেছে মাল‍্যদানের জন্য। 
কেউ চন্দন লাগিয়ে দিচ্ছেন শেষবারের মতো, 
কেউ বা নতুন পোশাক পরাতে ব‍্যস্ত,
কেউ নতমস্তকে দাঁড়িয়ে আছেন, কেউ প্রণাম করছেন!
কিছু সংবাদ মাধ্যমকেও দেখা যাচ্ছে প্রতিবেদনের জন্য জিজ্ঞাসাবাদ করতে ―
"কখন, কীভাবে মৃত্যু?
কোনো অস্বাভাবিকত্ব ছিল, নাকি, স্বাভাবিক বয়সজনিত মৃত্যু?"
শহরের কুড়ি থেকে আশি - সকলেই জড়ো হয়েছে সেখানে!
রাস্তায় জ‍্যাম, তাই, যানবাহন চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে!
কয়েকজন কান্না থামাতে পারছেন না, 
কয়েকজন স্মৃতি রোমন্থন করেই চলেছেন,
ফিসফিস করে কেউবা মৃত্যুর তদন্ত করছেন!
ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট দিয়ে গেছেন। 
হয়তো ময়নাতদন্ত হতে পারে, 
নাহলে গোয়েন্দা এসে সবুজ সংকেত দিলে গুঁড়ো করে দেওয়া হবে তার কংক্রিটের শরীর। 
এখানে লেখা হবে ― "যে এসেছিল আমাদের মাঝে, 
থেকে যাবে আজীবন.." 
কাগজে বেরোবে হয়তো এই মর্মান্তিক শোকসংবাদ!

দূর থেকে এই ভীষণ গম্ভীর পরিস্থিতির মধ‍্যেও 
একটা বছর এগারোর ছেলে একমনে খেলছে। 
মাঝে মাঝে ভিড়ের দিকে হাত তুলে বলছে ―
"গেল হপ্তায় বাজারের দাদুটা মরে গেল, 
কই তখন তো এসব করোনি?
বাসস্ট্যান্ড কি মানুষ? প্রাণী?
ও মা, প্রাণী কাদের বলে, তাও জানো না?
তোমরা কি তাহলে জড়?" 
হাসছে ছেলেটা, খুব হাসছে। 
ওদিকে ভিড়ের মধ্যে সবার মুখ ফ‍্যাকাশে হয়ে গেছে। 
সত্যিই জীব-জড় এর বিষয়টা পড়া হয়নি কোনোদিন!

Comments

Post a Comment

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি