ছদ্মবেশ

আজকে বরং তোমার কথা বলো ―
কেমন আছো? কোথায় থাকো এখন?
চাকরি, জীবন, নতুন গল্প কিছু?
ফুলে, পাতায় ভরিয়ে তোলো মন?

অ্যাশট্রেটাকে যত্ন করেই রাখো,
শোকেস জুড়ে নানা রঙের ঘর;
লাল দেওয়ালে ঝুলের আনাগোনা,
ঘুমিয়ে পড়ো চোখ বুজলেই পর?

তরকারিতে ঝালের দরজা বন্ধ,
বইপাড়াতে হত‍্যে দিয়ে থাকো?
এখনও কি আড্ডা দিতে যাও?
সময় ভুলে ঘড়ি উলটে রাখো?

জানি, তুমি আজও আছো এক,
আমিই শুধু বদলে গেছি, জানো?
চশমার এই ঝাপসা কাঁচে আর
পাইনি দেখা তোমার কোনোদিনও।

সেদিন থেকে খোঁজা আমার শুরু,
বৃষ্টি দেখে দরজা আগলে থাকি,
বুকে তোমার শেষ শব্দ বাজে ―
বলেছিলে, " আসব সেজে পাখি!"

Comments

Post a Comment

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি