ছেলে (মানুষ)
তোমার হাসতে ভালো লাগে,
বৃষ্টিতে ভিজতে ভালো লাগে,
হতাশ হলে আইসক্রিম হাতে জানালার বাইরে
দেখতে ভালো লাগে।
তোমার লিখতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে,
নাচতে ভালো লাগে, আঁকতেও ভালো লাগে।
কখনও আবার, মুখ বুজে বড় হয়ে যাওয়া লোকের মতো
কম্পিউটারের সামনে বসে থাকতে ভালো লাগে।
এই শেষ কাজটা ভালো লাগে আদৌ?
আমি জানি, তোমার ভালো লাগে না।
তোমাকে বাধ্য করা হয় ―
সংসারের দায়িত্ববান পুরুষ হতে,
পরিবারের অন্ন সংস্থান করতে,
নিজের ভালো লাগাগুলোকে কবর দিয়ে
অন্যের স্বপ্নকে জ্যান্ত করে তুলতে।
কুঁচকে থাকা শার্টের বোতাম লাগানো থেকে
জুতোর ফিতে বাঁধা পর্যন্ত,
ক্রিকেট, কবিতা, হজমি গুলি ছুঁড়ে ফেলে
পড়ার বইয়ের পাতা ওলটানো পর্যন্ত ―
তোমাকে শেখানো হয় এটিকেট, শিভ্যালরি, বিহেইভিরাল অ্যাপ্রোচ।
তুমি বড় হতে চাও না, তোমার ইচ্ছা করে
পর্দার আড়ালে ডুকরে কেঁদে উঠতে,
মায়ের আঁচলের ওমে লুকিয়ে থাকতে,
বাবার কোলে বসে রঙিন পৃথিবীর গল্প শুনতে।
তোমার মনে পড়ে, তুমি কোনোদিন বড় হওনি।
তুমি চিৎকার করে বলো ― "আমি পালাতে চাই!"
সবাই ধমক দিয়ে চুপ থাকতে বলে তোমাকে ―
"আহ্! ছেলেমানুষি কোরো না।"
খাঁচার দরজা বন্ধ করে তুমি
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো।
You leave me speechless 🙂🙂🙂🙂
ReplyDeleteTrue lines they are..
And beautiful equally..
Thank you so much. 🤗❤️
Delete